মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

স্টাফ রিপোটারঃ

গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি পোশাক কারখানার মালিকের ১ কোটি টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্ত গাড়িচালক জাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২। অভিযানে চুরি যাওয়া অর্থের ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোরাই টাকায় কেনা আসবাবপত্র ও নতুন মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

চাঞ্চল্যকর এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা (নং-০৬/০৯/২০২৬) রুজু হয়। যেহেতু কারখানাটি গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আওতাধীন, তাই ঘটনার গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে ছায়া তদন্তে নামে পুলিশ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান ও ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের যৌথ উদ্যোগে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহে ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ঝিনাইদহ সদর এলাকা থেকে অভিযুক্ত গাড়িচালক মো. জাহিদ হাসানকে (৩০) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের বাসা থেকে নগদ ৮৬ লাখ টাকা জব্দ করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় চালক জাহিদের মামা মো. আক্তারুজ্জামানকে (৫১) ১ লাখ ৩ হাজার টাকাসহ ঝিনাইদহ থেকে এবং তার স্ত্রী মোছা. নাসিমা আক্তারকে (২৪) গাজীপুরের টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকাসহ গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, জাহিদ চোরাই টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে নতুন বাসা ভাড়া ও গৃহস্থালি আসবাবপত্র কেনে। এ ছাড়া ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন স্মার্টফোন কিনে। পুলিশ অভিযানে ওই মোবাইল ফোন ও আসবাবপত্র জব্দ করে। মাত্র ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে চুরির মূল রহস্য উন্মোচনসহ গ্রেফতারদের উদ্ধারকৃত অর্থ ও মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।