মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

রামগতিতে মাটির নিচে মিলল ৩ মর্টার শেল

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে মুক্তিযুদ্ধকালীন বা প্রাচীন ৩টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে রামগতি উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। বর্তমানে মর্টার শেলগুলো ওই স্থানে পুলিশি পাহারা রাখা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ চলছিল মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলোর দেখা মেলে শ্রমিকদের মধ্যে আতংকে দেখা দেয়। পরে কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলেন এবং নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে ৩ মর্টার শেল ওই স্থানে রেখে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত ওই স্থানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।