মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

স্টাফ রিপোটারঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এই তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ও হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ও রাব্বী শরীফ (৩৬)।

চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রথমে হাবিবুর রহমানকে এবং পরে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করে বলে তিনি জানান।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সন্ধান পাওয়া যায়। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করত। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, চাঁদপুরের পদ্মা-মেঘনার সুস্বাদু রূপালি ইলিশ। একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সস্তায় ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। গত কয়েক বছর ধরেই এমন প্রতারকদের ফাঁদে পড়ে ঢাকাসহ বিভিন্ন জেলার অনলাইন ক্রেতারা তাজা ও সস্তায় ইলিশ পাবে- এই বিশ্বাসে বিকাশ নগদসহ নানা মাধ্যমে টাকা দিচ্ছে। কিন্তু দেখা যায় যে, টাকা পাঠালেও তাদের হাতে ইলিশ পৌঁছে না। পরে তাদের সাথে মোবাইল মাধ্যমে তথা যে মোবাইলে টাকা পাঠিয়েছে সেটি বন্ধ পাওয়া যায়। এমনভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। আর এই প্রতারকদের বেশির ভাগেরই চাঁদপুরের বাহিরের বাসিন্দা। তবে তারা অনলাইন ব্যবসায়ী হিসাবে ঠিকানা ব্যবহার করে চাঁদপুরের অনলাইন ব্যবসায়ীদের।