স্টাফ রিপোটার
গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানি করা বড় গাছবাহী একটি কনটেইনার নামানোর সময় গ্যান্ট্রি ক্রেনের তার ছিঁড়ে যায়। এতে কনটেইনারটি নিচে থাকা একটি প্রাইম মুভারের ওপর পড়ে। দুর্ঘটনায় ক্রেন, কনটেইনার ও ট্রেইলার ক্ষতিগ্রস্ত হয়। কনটেইনারটি ভেঙে ভেতরে থাকা গাছের গুঁড়িও বাইরে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে ‘চ্যাং হাই’ নামের একটি জাহাজ থেকে গ্যান্ট্রি ক্রেন-৪ দিয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের একটি আমদানিকৃত কনটেইনার খালাসের সময় স্প্রেডারের লেসিং ছিঁড়ে যায়। এতে কনটেইনারটি ক্রেনের বিমের ওপর আছড়ে পড়ে এবং পরে নিচে নেমে আসে। দুর্ঘটনায় ক্রেন ও কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনারটি নিরাপদে অপসারণ এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে ক্রেনটির মেরামত কাজ শুরু হবে।
সচিব আরও বলেন, সিসিটি-৩-এর দুর্ঘটনাকবলিত নির্দিষ্ট স্পট ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।







আরও পড়ুন
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে
লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ছে, দাম কমায় খুশি ক্রেতা-বিক্রেতা
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন