স্টাফ রিপোটারঃ
নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক বাড়িতে তল্লাশির নামে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে তিন ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ মাদক রয়েছে- এমন দাবি করে তারা ঘরের ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে অভিযুক্তরা শোকেসের তালা খুলে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। পরে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকা থেকে তাদেরকে ধরে ফেলেন ক্ষুব্ধ জনতা। এ সময় উত্তপ্ত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটকদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।







আরও পড়ুন
ওসি টাকা লেনদেনের মাধ্যমে মামলা না করে অভিযুক্ত আসামীকে ছাড়ার অভিযোগ
লক্ষ্মীপুরে সুপারি গাছে না উঠায় এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত