মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

স্টাফ রিপোটারঃ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ ভ্যান নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া একজন সামান্য আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বিমানবাহিনীর সদস্যরা তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন সদস্য নিহত হন এবং আরও চারজন আহত হন।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। পরে নিহত ও আহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।