মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে জেলা এনএসআইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) তথ্যের ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে মিলেনিয়াম হাসপাতালকে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিন ব্যবহার করে রোগীদের পরীক্ষা করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।