স্টাফ রিপোটারঃ
ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। জাহাজটি ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। এতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। ওডিশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে।
এদিকে জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া অভিযানে সহায়তার জন্য শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামে আরও একটি জাহাজ পাঠানো হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, লাইফ র্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।
এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকার অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।







আরও পড়ুন
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে ক্লুলেস দুর্ধর্ষ নৌ ডাকাতির ঘটনায় ৬ জন আন্তজেলা পেশাদার ডাকাতকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ