মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

লক্ষ্মীপুরে দরিদ্র পরিবারের পাশে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সারা বাংলা ৮৮ লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশন ’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সমাজে এক অনন্য মানবিক বার্তা ছড়িয়ে দিয়েছে।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার সুখ। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সংগঠনের সদস্যরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা প্রমাণ করেছেন মানবিকতা থেকেই প্রকৃত আনন্দের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সাবেক কো-অর্ডিনেটর কৃষ্ণ চন্দ্র দাস, উপদেষ্টা মোফাজ্জল হোসেন রনি, ইউসুফ মাস্টার, নাজনীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৪০টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, নুডুলস ও পোলাওর চালসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে লক্ষ্মীপুর জেলার প্রায় শতাধিক সুবিধাভোগী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে উদ্যোগটিকে সফল করে তোলেন।
৮৮ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ ইমন বলেন, “প্রতিবছর আমরা ৮৮ ফাউন্ডেশন এর সদস্যরা মিলে নিজেদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ ও শীত মৌসুমে শীতকালীন বস্ত্র দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে এই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও জানান, সারা বাংলা ৮৮ প্যানেলের সংগঠক নোমান ফাতেমি, অ্যাডভোকেট জাকির হোসেন, টি.ও. সুজন, জাহিদসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।


শেয়ার করুন