লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চায় ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান প্রধানরা।
অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ, সংবাদ প্রকাশের ভয় দেখানো কিংবা বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে অর্থ দাবি করছেন। কেউ কেউ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, প্রকৃত সাংবাদিকদের পরিচয় ও পেশাগত মর্যাদাকে ব্যবহার করে একটি মহল এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সাংবাদিকদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, অন্যদিকে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, চন্দ্রগঞ্জ ভূমি কর্মকর্তা এবং সাব রেজিষ্ট্রি অফিসে কথা বলে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। কোন ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করলে তার পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষেরও তাদের প্রতিনিধিদের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
ভুক্তভোগীরা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের মাধ্যমে এ ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “এই ধরনের চাঁদাবাজির অভিযোগ পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করছে। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোন সাংবাদিক এই ধরনের কাজে লিপ্ত আছে মর্মে প্রমাণিত হলে তাদের বিধি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”







আরও পড়ুন
ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত সাবেক ইউপি সদস্য , স্ত্রীর দাবি পরিকল্পিত হত্যা