স্টাফ রিপোটার
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে আদালত জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারা শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নির্ধারণ না করায় সেটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
এর আগে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।
রুলের পর বিষয়টি নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণের প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।







আরও পড়ুন
দুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান
সংকট কাটছে না, এলএনজির কার্গো নিয়ে অনিশ্চয়তা
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে রেজিস্ট্রেশন