লক্ষ্মীপুর প্রতিনিধি
সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুদ ও পরিবহনের দায়ে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে একটি মামলায় ওই ব্যক্তিকে সতর্কতামূলকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে নদী ও আশপাশের এলাকায় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত এবং বাঁধ ও স্লুইসগেটের ক্ষতিসাধনকারী পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে মজু চৌধুরীর ঘাট এলাকার পরিবেশ ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে সদর উপজেলা ভূমি অফিস, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌপুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।







আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা
লক্ষ্মীপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ
চট্টগ্রামে তিনটি বিলাসবহুল গাড়িসহ বিপুল যন্ত্রাংশ উদ্ধার