স্টাফ রিপোটারঃ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার উপস্থিতিতে বিমানটির সিটের নিচে তল্লাশি চালায়।
এ সময় স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।
তবে বিমানের সিটের নিচে বিপুল পরিমাণ স্বর্ণ রেখে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।







আরও পড়ুন
বন্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে
চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মুঠোফোনে হুমকি