মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে সোমবার বিকেলে মাছ আহরণ শেষে টেকনাফের পোতাশ্রয়ে ফেরার পথে বোটটি বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

কোস্ট গার্ড জানায়, গত ২৫ সেপ্টেম্বর এফভি রিফাত নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পরে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। অভিযান চালিয়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটটি শনাক্ত করা হয়। পরে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পরে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।