লক্ষ্মীপুর প্রতিনিধি
চন্দ্রগঞ্জ বাজার ও এর আশেপাশের এলাকায় প্রকাশ্যে মাদক, বিশেষ করে ইয়াবা বিক্রির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ থাকলে যেকোন মূল্যে মাদক নির্মূল করা সম্ভব।
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দেয়। মাদকের বিস্তারের ফলে চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক তরুণ মাদকের নেশায় জড়িয়ে নিজেদের সম্ভাবনাময় জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
সরেজমিন তদন্তে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাই মাদক ব্যবসায় বেশি সক্রিয়। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাদের যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আগামীর যুব সমাজের জন্য খুবই খারাপ সময় অপেক্ষা করছে।
চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে দেখা যায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে। স্থানীয়রা কেউ এ বিষয়ে প্রতিবাদ করার সাহস করছে না। কারন যে প্রতিবাদ কবরে তার উপরই নেমে আসে অমানবিক নির্যাতন।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি। একইসঙ্গে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
চন্দ্রগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা মাদক সংশ্লিষ্ট অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সমাজকে মুক্ত করতে প্রশাসন আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। তারা বিশ্বাস করেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চন্দ্রগঞ্জ গড়ে তোলা সম্ভব।
“মাদককে না বলুন, সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসুন।”


আরও পড়ুন
লক্ষ্মীপুরে কাবিননামা নিয়ে দ্বন্ধ : গৃহবধূর রহস্যজনক মৃত্যু
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন