মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ

স্টাফ রিপোটারঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। এর আগেও একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছিল পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ে বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, সাগরপথে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই ট্রাক আটকের পর বিষয়টি জোরারগঞ্জ থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তা জব্দ করেন।