মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত ২

রায়পুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই যুবক একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন।

তখন মোবাইল ফোনটি চার্জে লাগানো ছিল। হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তারা দুজনই আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর (রেফার) করা হয়েছে। এছাড়া শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল্লাহ আল মামুন জানান, চার্জে লাগিয়ে গেম খেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।