মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

পায়ে হেঁটে হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা হলেন দুলাল হোসেন

স্টাফ রিপোটারঃ

দীর্ঘদিনের স্বপ্ন ছিল একদিন পায়ে হেঁটে সৌদি আরবে পবিত্র কাবা শরীফে পৌঁছে হজ্জ পালন করবেন নাটোরের সিংড়ার দুলাল হোসেন। সেই স্বপ্ন বাস্তব করতে পবিত্র হজ্জ পালনের অদম্য ইচ্ছা নিয়ে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন দুলাল হোসেন। দুলাল হোসেন সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।আজ মঙ্গলবার সকালে পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর দোয়া নিয়ে নিজ গ্রাম থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। দুলাল হোসেনের এমন ব্যতিক্রমী এ উদ্যোগে এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। দুলালকে বিদায় জানাতে এবং তাকে একনজর দেখতে তার বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। সেই বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই তার যাত্রা সফল ও সুস্থতার জন্য দোয়া করেন।
দুলাল হোসেনের প্রতিবেশী কাউসার হোসেন বলেন,দুলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার। আল্লাহ যেন তার সফর সহজ করে দেন এবং হজ্জ কবুল করেন।

গ্রামের এক প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম জানান, দুলাল হোসেন অত্যন্ত ধার্মিক ও সাদাসিধে প্রকৃতির মানুষ। সে সবসময় সাধারণভাবে জীবনযাপনে অভ্যস্ত। দীর্ঘদিন ধরে তিনি এই যাত্রার প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন।

দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্খা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ ও কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই তিনি রওনা হন। সবাই যেন তার জন্য দোয়া করেন, যেন সুস্থ্যভাবে মক্কায় পৌঁছে হজ্জ পালন করতে পারেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সহায়তা কামনা করেন তিনি।