মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ছেলে নিহতের খবরে মায়ের মৃত্যু

স্টাফ রিপোটারঃ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতুলী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে হত্যা করার অভিযোগ উঠেছে। এদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আতাউর রহমান আতা মিয়া (৬০) উপজেলার বারিষাব ইউনিয়নের চ্যাংনা গ্রামের বাসিন্দা।
আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জাতীয় পরিসেবা ৯৯৯ -এ ফোন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আতা মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতে অটোরিকশা ছিনতাইকারীরা ভাড়ার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে। ছেলের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে নিহতের মা জহুর খাতুন মারা গেছেন। শুক্রবার সকাল ১১ টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অটোরিকশা ছিনতাইকারীদের হামলায় আতাউর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।