মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

নিখোঁজ হওয়ার ১০ দিন পর পরিত্যক্ত পুকুর থেকে কাস্টম সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে কর্মরত সিপাহী আবু রায়হান তালুকদার (৪০)-এর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের একটি দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগে থাকা মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

নিহত আবু রায়হান তালুকদার একই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদার ও রাহেলা খাতুন দম্পতির কনিষ্ঠ ছেলে। তিনি বাংলাদেশ কাস্টম হাউস, কমলাপুরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। ওই রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে তিনি নিজ ঘরে অবস্থান করেন। পরদিন সকালে কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজু তাকে বাড়ি থেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি।

এরপর ২৭ জুলাই আবু রায়হানের এক সহকর্মী তার চাচাতো বোন প্রভাষক নাজমুন্নাহার বিউটিকে ফোন করে জানান, আবু রায়হান কর্মস্থলে যোগ দেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, তারা দুজনই মাদকাসক্ত।

নিখোঁজের ১০ দিন পর রোববার বিকেলে আবু রায়হানের বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পূর্বে একটি পরিত্যক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগবন্দি অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, নিখোঁজ ব্যক্তির বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ট্রাভেল ব্যাগবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।