স্টাফ রিপোটারঃ
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুরে তিন বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, ওই ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ, সাবেক সভাপতি আশরাফুল ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ।
এদের মধ্যে সালাম শেখকে ঢাকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০-এর সহযোগিতায় ঢাকা থেকে এবং বাকি তিনজনকে পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পিরোজপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওসি শরিফুল জানান, রোববার পিরোজপুর শহরের কুমারখালী এলাকার জাকির হোসেন বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত কয়েক ব্যক্তির নামে পিরোজপুর সদর থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুতের একটি সাব-স্টেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাট কাজের চুক্তি করেন জাকির হোসেন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন। কাজ শুরুর পর সালাম শেখ ঠিকাদার জাকিরকে তার সঙ্গে অংশীদার করার জন্য চাপ দেয়।
এতে রাজি না হলে প্রতি সিএফটি বালু ফেলার জন্য এক টাকা করে জাকিরের কাছে চাঁদা দাবি করেন সালাম। জাকির এতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা প্রায় এক কিলোমিটার মাপের বালু ভরাট করার পাইপ ভেঙে দেন। এতে জাকিরের আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ সালাম শেখকে ঢাকা থেকে এবং অভিযুক্ত আরও তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।







আরও পড়ুন
পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় পুনরায় চালু হচ্ছে না চন্দ্রগঞ্জের সোনালী ব্রিকস্
নৈতিকতা ও প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধুমাত্র শিক্ষা অনেক সময় বিপজ্জনক, মন্তব্য পানিসম্পদমন্ত্রী
ঢাকার উত্তরা থেকে চীনা এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে, এসআরবি-৩