মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট।

স্টাফ রিপোটার

প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের পেন্ডিং আবেদন নিষ্পত্তির আদেশ দিয়েছেন এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

এইচআরপিবির পক্ষে রিট পিটিশনার হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম।

 বিবাদীরা হলেন কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইন সচিব, পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।মনজিল মোরসেদ আরও জানান, আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের যে সকল নবায়নের আবেদন পেন্ডিং আছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।

আদালত অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে এক চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও এম্বেসিকে প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন এবং ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।