লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নম্বর দিঘলী ইউনিয়নে রেশমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার ৭ নম্বর দিঘলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিভল্লবপুর গ্রামের তমিজ উদ্দিন পলোয়ান (প্রকাশ চৌকিদার) বাড়ি থেকে রেশমা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে সৌদি আরবপ্রবাসী ফখরুল ইসলাম বাবুর সঙ্গে পারিবারিকভাবে রেশমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে আশরাফুলের বয়স ৮ বছর এবং ছোট ছেলে আরাফের বয়স ৪ বছর। ফখরুল ইসলাম বাবু দিঘলী ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের আহমদের ছেলে।
নিহত রেশমা আক্তার নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহাদাত স্যারের বাড়ির বাসিন্দা মাওলানা নুরুল ইসলামের তৃতীয় মেয়ে।
নিহতের স্বজনদের দাবি, রেশমাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিহতের বাবা মাওলানা নুরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে রেশমা আক্তারের মরদেহ তার বাবার বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গৃহবধূর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







আরও পড়ুন
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাত গ্রেপ্তার
লক্ষ্মীপুর মান্দারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলা*ৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রধান গ্রেফতার
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার -৩ মাদক কারবারি