মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে পাঠানো হচ্ছে ঢাকায়

স্টাফ রিপোটারঃ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটে নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় ফিরোজা বেগম (৬০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বিকেলে জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পা এবং বুকে আঘাত লেগেছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম নামে এক নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে একটি ধানখেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ওই পথচারী আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পথচারী ফিরোজা বেগমের মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম সামান্য আহত হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।

প্রতিমন্ত্রীকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেন চিকিৎসকরা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে তাঁকে দেখতে যান। নিহত পথচারীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওদিকে প্রতিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর নির্বাচনি এলাকার মানুষ।