মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

সৌদিতে বাংলাদেশির মৃত্যু সংখ্যা্ বেড়ে দাড়ালো ১৬

স্টাফ রিপোটারঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী দগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে ঘটনার সময় বাইরে থাকায় এক কর্মী বেঁচে গেছেন। ওই বাংলাদেশি কর্মীর নাম হাবিবুর রহমান।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত ওই সোফা কারখানায় প্রলয়ঙ্করী আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার মর্মান্তিক বিবরণ দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, দুপুর দেড়টার দিকে চুল কাটানোর জন্য হাবিবুর সেলুনে যান। ফিরে এসে দেখেন, কারখানায় আগুন জ্বলছে। বাংলাদেশি কর্মীদের পরিচালিত কারখানাটিতে মোট ১৭ জন কাজ করতেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রিয়াদের ফায়ার সার্ভিস ও স্থানীয় ফায়ার ফাইটিং ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

উদ্ধারকর্মীরা জানান, ভেতরের ১৬ জন শ্রমিকের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা যান এবং বাকি আটজন অতিরিক্ত বিষাক্ত ধোঁয়ায় দম আটকে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে রাত ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কিং সৌদ হাসপাতালের মর্গে পাঠায় প্রশাসন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে অধিকাংশেরই বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলায়। আগুনে দেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে আইনি জটিলতা তৈরি হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে।