মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চার বেসরকারি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

স্টাফ রিপোটারঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক দশক ধরে জায়গা দখল করে আছে চার বেসরকারি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, জিএমজি এয়ারলাইন্সের একটি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি।

চারটি কোম্পানির কাছে হাজার কোটিরও বেশি টাকা পাওনা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। তাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিক্রির অনুমতি চেয়েছে বেবিচক।
জানা যায়, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় উড়োজাহাজগুলোর বেশির ভাগ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। অনেকগুলোতে মরিচা ধরেছে। ফলে এগুলো সচল উড়োজাহাজ হিসেবে নয়, বরং স্ক্র্যাপ বা পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ হিসেবে বিবেচনা করছে বেবিচক।

বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান সমকালকে বলেন, এগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই সম্প্রতি নিলামের জন্য উন্মুক্ত (আন্তর্জাতিক) দরপত্রের অনুমোদন চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে।