মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে

স্টাফ রিপোটারঃ

স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজের মৃত্যুর খবরে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই আওয়ামী নেত্রী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি ভোগ করবেন। স্বামীর মৃত্যুতে তার পক্ষ থেকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট ১২ ঘণ্টা মঞ্জুর করেন।

বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম গণমাধ্যমকে জানান, জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দীপু মনির প্যারোলের আবেদন মঞ্জুর করেন।

এর আগে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির সময়সীমা নিয়ে মায়ের পরামর্শ নেন তিনি। সাক্ষাৎ শেষে তানি জেলা প্রশাসকের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন, তবে ১২ ঘণ্টার প্যারোল মুক্তি মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিকালে সাংবাদিকদের জানান, তারা চার দিনের আবেদন করলেও জেলা প্রশাসক ১২ ঘণ্টার অনুমতি দিয়েছেন। তিনি জানান, প্রায় দুই বছর ধরে কারাবন্দি থাকা অবস্থায় স্বামী অসুস্থ থাকাকালেও কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি একাধিকবার চাওয়া হলেও তা মেলেনি। স্বামীর মৃত্যুর পরই কেবল এই সুযোগ এল। তার ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সম্পূর্ণ পুলিশ পাহারায় এই মুক্তি কার্যকর হবে-পুলিশ সকালে কারাগারের ফটক থেকে তাকে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে দেবে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুম তৌফীক নাওয়াজের লাশ সকালে তার কলাবাগানের বাসভবনে আনা হবে, যেখানে দীপু মনি প্রথমবারের মতো স্বামীর লাশ দেখার ও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এরপর লাশ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে, বাদ যোহর সেখানে জানাজার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারের কয়েদি। তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান। তার চিকিৎসা ও দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন ৭৬ বছর বয়সী তৌফীক নাওয়াজ।