মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

ফুটবল খেলে ফেরার পথে দুই ট্রাকের সংঘর্ষ, আহত অন্তত ২০ যুবক

স্টাফ রিপোটারঃ

ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে গিয়েছিলেন। খেলা শেষে একটি মিনি ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ট্রাকে ধাক্কা দেয়।

এতে মিনি ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১৯ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অপর একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদের অন্য হাসপাতালে পাঠানো হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, দুর্ঘটনায় আহতরা চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়কের পাশে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।