মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২, আহত অন্তত ২০

স্টাফ রিপোটোরঃ

কুমিল্লা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুনিয়াবটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার নিউমার্কেট এলাকায় অবস্থিত বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষাসফরের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে তিশা পরিবহনের একটি বাস কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

পুলিশের তথ্যমতে, বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি নির্ধারিত লেন অতিক্রম করে মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে কেরানীহাটের আশশেফা, আল-হায়াত, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পরে গুরুতর আহত সাখাওয়াত হোসেন ইসরাফিল ও সোহানা আফরোজকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।