মুক্তিকন্ঠ

ভয়েস অফ ফ্রিডম ফাইটার ১৯৭১

ফেনীর পরশুরামে নিজ বসতঘর থেকে জাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে

স্টাফ রিপোটারঃ

গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গুথুমা মাস্টারপাড়া এলাকায় বন্ধ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন ছেলে ও স্থানীয়রা।

নিহত জাহেদা আক্তার ওই এলাকার মোহাম্মদ আবদুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একমাত্র ছেলে চাকরির কারণে স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করায় জাহেদা আক্তার বাড়িতে একাই থাকতেন।

মৃতের ছেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) থেকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না ছেলে আফজাল হোসেন হৃদয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সোমবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে ফেরেন তিনি।

বাড়িতে গিয়ে দেখতে পান, মায়ের ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে মায়ের নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

আফজাল হোসেন হৃদয় বলেন, ‘মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফোনে কোনো সাড়া না পেয়ে বাড়িতে এসে এই অবস্থায় দেখতে পেয়েছি। রোববার রাতের যেকোনো সময় তিনি মারা গিয়ে থাকতে পারেন।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্ভবত তিন দিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। কয়েকদিন ধরে তাকে ঘরের বাইরে দেখা যায়নি বলেও জানান তারা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন অসুস্থ একজন বৃদ্ধা একা বসবাস করলেও নিয়মিত খোঁজখবর না নেওয়ার বিষয়টি সামাজিকভাবে উদ্বেগ তৈরি করেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা তার দাফন সম্পন্ন করেন।