স্টাফ রিপোটারঃ
দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪,০০০ কেজি (২৪ টন) টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোনও কাগজপত্র না থাকায় সারসহ ট্রাকটি আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯,৫০০ কেজি টিএসপি সার এবং ১৪,৫০০ কেজি ডিএপি সার সর্বমোট ২৪,০০০ কেজি (২৪ টন) সার জব্দ করা হয়। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা।
জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’- বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।







আরও পড়ুন
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলায় প্রেস কনফারেন্স
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ, রুখে দিল বিজিবি
মালদ্বীপে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু